রাধাবল্লভ মন্দির, বারাঙ্গা (থানা-- রামনগর, মেদিনীপুর)
চিন্ময় দাশ
শ'-দুই বছর আগের কথা। ইংরেজ শাসনের প্রথম পর্ব তখন। 'চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা' কার্যকরী হয়েছে বড়লাট কর্নওয়ালিশ-এর ব্যবস্থাপনায়। বড় জমিদাররা কিছু সম্পত্তি দিয়ে, ছোট ছোট জমিদার নিয়োগ করতে পারতেন। ইজারাদার, পত্তনীদার, দর-পত্তনীদার ইত্যাদি নাম ছিল তাঁদের। মেদিনীপুর জেলার দক্ষিণ এলাকার একেবারে শেষ প্রান্ত। যেখানে দু'পা হাঁটলেই ওডিশার বালেশ্বর জেলা। সেখানে ছোট মাপের এক গ্রাম-- 'বারাঙ্গা''। পরগনা-- বীরকুল।
ব্রিটিশ শাসনের প্রথম পর্বে কলকাতায় হাঁসফাঁস করতেন ইংরেজ অফিসাররা। এই বীরকুলেই একটি স্বাস্থ্যনিবাস গড়ে তোলার ভাবনা এসেছিল তাঁদের মাথায়। বড়লাট হেস্টিংস তো উঠেপড়ে লেগেছিলেন সেই কাজে। কাজটা করে উঠতে পারেননি হেস্টিংস। আর, সেই বীরকুল গ্রামেরও কোনও অস্তিত্বই নাই আর। বর্তমান দিঘার কিছু দক্ষিণে ছিল সেই গ্রাম। সমুদ্রের তলায় কবেই তলিয়ে গিয়েছে। কেবল বীরকুল নামটা টিকে আছে সরকারের "পরগণা" হিসাবে, জরীপ বিভাগের খাতাপত্রে। সারা দিনমান লোনা বাতাসের ঝাপ্টা এসে লাগে সেই গ্রামে। এক পত্তনীদার জমিদারের বাস ছিল এই বারাঙ্গা গ্রামে।
বীরকুল এলাকার অতীত কথা জানা যায়, ১৭৮৭ সালের জুন মাসে লেখা, মেদিনীপুর জেলার এক ইংরেজ কালেক্টার (মি. হিউয়েট)-এর বিবরণে। জানা যায়, পূর্বে বীরকুল এলাকা ছিল ময়ূরভঞ্জের রাজার শাসনাধীন। ইং ১৫০০ সাল নাগাদ রাজার সনন্দ নিয়ে, জনৈক সাগর রায়, বীরকুল পরগনার জমিদার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনিই ছিলেন এখানে জমিদারি এবং রায়বংশের প্রতিষ্ঠাতা। ... গ্রামে তাঁর নিজের নামে প্রতিষ্ঠিত পাথরের তৈরি সাগরেশ্বর শিবমন্দিরটি এখনো দেখা যায়।
পরবর্তী কালে তাঁর বংশধরদের হাতে জমিদারি পরিচালনায় গুরুতর ঘাটতি শুরু হয়। তার ফলশ্রুতিতে, জমিদারি নিলাম, বিক্রয়, টুকরো টুকরো হয়ে যাওয়া ইত্যাদি নানারকম বিপত্তি ঘটেছিল। বাংলার নবাব মুর্শিদ কুলী খান (১৭২০-২৭) এবং সুজাউদ্দিন মহম্মদ খান (১৭২৭-৩৯)-এর শাসনকাল তখন।
এই বিপর্যয় পর্বে, বিভিন্ন তহশীলের দায়িত্ব গ্রহণ করে, অনেক ছোটছোট জমিদারের উদ্ভব হয়েছিল। পরে তাঁদের অনেকেই চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার অন্তর্ভুক্ত হয়েছিলেন। বারাঙ্গা গ্রামের জমিদারি সেই তালিকার অন্যতম একটি।
বারাঙ্গার জমিদারের বাস্তু গড়া হয়েছিল গড়খাই দিয়ে ঘিরে। আলোচ্য মন্দিরটি সেই বাস্তুর ভিতর, বসতবাড়ির লাগোয়া করে নির্মিত। কিন্তু মন্দিরে কোনও প্রতিষ্ঠা লিপি নাই। বারাঙ্গার এই জমিদার পরিবারের পূর্বাপর কুলপঞ্জীও পাওয়া যায় না। মাত্র শ'দুই বছরের ইতিহাস আছে আমাদের হাতে। সেই তালিকায় প্রবীণতম পুরুষ হলেন জনৈক কেশব চন্দ্র দাস। জমিদারবংশের অভিমত-- কেশব চন্দ্রই মন্দিরটি প্রতিষ্ঠা করে থাকবেন।
কেশব-এর দুই পুত্র-- কাঞ্জিরাম এবং আন্দিরাম। এই দুই পুরুষের বংশধর এবং দৌহিত্রগন বর্তমানে ৮/১০ পুরুষে পৌঁছেছেন। তাঁরাই দেবতার সেবাপূজার ধারাটিকে বহাল রেখে চলেছেন।
বহু দিন হোল, দেবতার নামিত সম্পত্তির সবই বেহাত। সুখের কথা, তাতে সেবাপূজার কোনও অঙ্গহানি হতে দেয়নি এই সেবাইত বংশ। বর্তমানেও নিত্য তিনবার পূজা-- সকাল সন্ধ্যায় ফল-মূল-মিষ্টান্নের নৈবেদ্য। দুপুরের পূজায় অন্তত পঞ্চ -ব্যঞ্জন সহ আতপচালের নিরামিষ অন্নভোগ। এছাড়া ভক্তদের নিয়ে আসা পূজাও লেগেই থাকে মন্দিরে।
শ্রীকৃষ্ণের মন্দির। সেকারণে, বারো মাসে তেরো পার্বনের আয়োজন। সম্বৎসরে দুটি বড় অনুষ্ঠান-- ৫ দিনের রাস উৎসব এবং রথযাত্রা। রাস বসে চতুর্দশীর ব্রহ্মনিশিতে। তৃতীয়ায় 'দধি'তে অনুষ্ঠানের সমাপ্তি। একটি উন্মুক্ত রাসমঞ্চ আছে উৎসবের জন্য।
রাধা-কৃষ্ণ ছাড়া, জগন্নাথ-বলরাম-সুভদ্রাও আছেন মন্দিরে। সেকারণে, রথযাত্রার আয়োজন করা হয়। রাসমঞ্চের লাগোয়া বিশাল একটি রথ-ময়দান আছে। সেখানে উৎসবটি আয়োজিত হয়। বড় আকারের একটি মেলাও বসে রথ উপলক্ষে। ঝুলন, দোলযাত্রা, জন্মাষ্টমী আর রাধাষ্টমীতেও বিশেষ ঘটা দেখা যায় এখানে।
রাধাবল্লভের পূর্বমুখী এই মন্দির দালান-রীতির, ইটের তৈরি। ভারতবর্ষে দালান-রীতির প্রাচীনতম মন্দিরটি আছে মধ্যপ্রদেশের সাঁচি-স্তুপের পাশেই। এছাড়া আছে, বুন্দেলখণ্ডের নাচনাকুঠার গ্রামের পার্বতী মন্দির কিংবা নগোধ স্টেটের ভুমরা গ্রামের শিব মন্দির। এগুলি নির্মিত হয়েছিল গুপ্তযুগে।
এইসকল সমতল ছাদ, বাঁকানো কার্ণিশ-বর্জিত দেবালয়ের নির্মাণ প্রকরণ ইত্যাদি উন্নত কারিগরীরই বিষয়। বোধকরি, দালান মন্দিরের এই সহজ নিরাভরণ রূপের জন্যই, কোন কোনও পুরাবিদ এগুলিকে "আর্য ও আর্যেতর ধর্মচিন্তার মিশ্রণের ফলশ্রুতি" বলে উল্লেখ করেছেন। অমিয়কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন, গাছতলায় বা মাটির বেদিতে লৌকিক দেবদেবীদের কৌলীন্যলাভের ফলে, পৌরাণিক দেবদেবীদেরও কিছুটা লৌকিকতার দিকে ঝুঁকতে হয়েছিল। সেসময় 'সাধারণ দালান-মন্দিরে'ও তাঁদের আরাধনা হয়েছে।
সেসব কথা থাক। এখানে বারাঙ্গা গ্রামে এই রাধাবল্লভ মন্দিরের গড়নটি বেশ রাজকীয়। পাদপীঠের উচ্চতা এখনও ৪ ফুটের বেশি। গর্ভগৃহটিও বেশ উঁচু করে নির্মিত-- দৈর্ঘ্য .. ফুট, প্রস্থ .. ফুট.. এবং উচ্চতা .. ফুট। বর্তমানে গর্ভগৃহের সামনে কোনও অলিন্দ নাই। তবে, সেবাইত পরিবার থেকে জানা যায়, অতীতে সামনে একটি অলিন্দ, করিন্থিয়াম-রীতির গোলাকার স্তম্ভ, মন্দিরকে ঘিরে প্রশস্ত প্রদক্ষিণ-পথ ইত্যাদি রচিত ছিল।
পূর্বমুখী মন্দির হলেও, মন্দিরে উঠবার সিঁড়িটি রচিত হয়েছে উত্তর দিকে। পূর্বদিকে মুখ্য দ্বারপথটি ছাড়া, উত্তর দিকেও একটি দ্বারপথ আছে।
মন্দির অলংকরণের কাজে টেরাকোটা-ফলকেরও কিছু ব্যবহার করা হয়েছে। সামনের দেওয়ালে সরলরৈখিক কার্নিশের নিচ বরাবর একটি সারি, এবং দু'দিকের কোনাচের গায়ে দুটি খাড়া সারিতে, ছোট-ছোট খোপে কিছু ফলক যুক্ত হয়েছে।
মন্দিরের কয়েকটি বৈশিষ্ট উল্লেখ করবার মতো-- ১. পূর্ব এবং উত্তরে দুটি দ্বারপথেরই লাগোয়া দু'পাশে, দুটি করে 'প্রতিকৃতি দ্বারপথ' রচিত আছে।
২. দুটি করে 'প্রতিকৃতি দ্বারপথ' রচিত আছে পশ্চিম এবং দক্ষিণের দেওয়ালেও।
৩. মন্দির অলংকরণের একটি স্বাভাবিক রীতি হল দ্বারপথের দু'দিকে দুটি দ্বারপাল কিংবা দ্বারপালিকা মূর্তি রচনা করা। কোনও মন্দিরে আবার এগুলির বদলে, বাদক-বাদিকা মূর্তি দেখা যায়। এই মন্দিরে প্রত্যেকটি দ্বারপথ এবং 'প্রতিকৃতি দ্বারপথ'-এর দু'দিকে দুটি করে মূর্তি রচিত হয়েছে।
৪. মূর্তিগুলির ভিতর দ্বারপাল, বাদিকা, নর্তকী সকলেরই সমাবেশ দেখা যায়।
৫. বিশেষ বৈশিষ্ট মূর্তিগুলির দৈহিক গঠন এবং অঙ্গের পোশাক পরিচ্ছদের বৈচিত্রে। কয়েকটি ছবি দেওয়া হল। পাঠক-পাঠিকা নিজেরাই প্রত্যক্ষ করতে পারবেন।
Radhaballabh Temple, Baranga (Ramnagar Police Station, Medinipur)
Chinmoy Das
This story goes back about two hundred years, during the early phase of British rule in Bengal. The Permanent Settlement system had recently been introduced under the administration of Governor-General Lord Cornwallis. Under this system, large zamindars could grant portions of their estates to smaller landlords. These subordinate landholders were known by various titles such as ijaradar, patnidar, and dar-patnidar.
At the extreme southern edge of Medinipur district, where a short walk would take one into Balasore district of Odisha, lies the small village of Baranga, situated in the Birkul Pargana.
During the early years of British rule, the English officials in Calcutta suffered greatly from the city's climate. They conceived the idea of establishing a health resort in Birkul. Governor-General Hastings himself was deeply interested in the project, but he could not bring it to fruition. Moreover, the village of Birkul itself no longer exists. It was located a little south of present-day Digha and has long since been swallowed by the sea. Only the name Birkul survives in government survey records as a pargana. The village was constantly battered by salty sea winds. A patnidar zamindar resided in Baranga village.
Information about the past of Birkul comes from an account written in June 1787 by Mr. Hewett, an English Collector of Medinipur district. According to this account, Birkul was formerly under the rule of the Raja of Mayurbhanj. Around 1500 CE, a certain Sagar Ray, having obtained a royal grant, established himself as the zamindar of Birkul Pargana. He became the founder of both the zamindari and the Ray family in the area. The stone-built Sagareshwar Shiva Temple, founded by him and bearing his name, can still be seen in the village.
In later generations, serious deficiencies arose in the administration of the estate. As a result, the zamindari faced various crises, including auction, sale, and fragmentation. This occurred during the reigns of the Nawabs of Bengal, Murshid Quli Khan (1720–1727) and Shuja-ud-Din Muhammad Khan (1727–1739).
During this period of upheaval, many small zamindars emerged by assuming responsibility for different tahsils (revenue units). Later, many of them became incorporated into the Permanent Settlement system. The Baranga estate was one such example.
The zamindar's residence at Baranga was enclosed by a defensive moat (garkhai). The temple under discussion was built within this estate compound, adjacent to the residential quarters. Unfortunately, the temple bears no foundation inscription, and no genealogical records of the Baranga zamindar family have survived. Only about two centuries of their history are known today. The earliest known ancestor is Keshab Chandra Das. According to family tradition, Keshab Chandra was the founder of the temple.
Keshab had two sons—Kanjiram and Andiram. Their descendants and maternal grandsons have now reached the eighth to tenth generations. They continue to maintain the worship of the deity.
Long ago, all the properties endowed to the deity were lost. Fortunately, this has not affected the regular worship. Even today, the temple conducts worship three times daily. Fruits, sweets, and other offerings are presented in the morning and evening, while the midday worship includes a vegetarian rice offering prepared with at least five side dishes. Devotional offerings brought by worshippers are also regularly performed.
As this is a temple of Sri Krishna, festivals are celebrated throughout the year. Two major annual events are the five-day Ras Festival and Ratha Yatra. The Ras festival begins on the sacred midnight of Chaturdashi and concludes on the third day with the Dadhi ceremony. An open-air Rasmancha (festival pavilion) exists for the occasion.
Besides Radha-Krishna, the temple also houses Jagannath, Balaram, and Subhadra, and therefore celebrates the Ratha Yatra. Adjacent to the Rasmancha lies a large chariot ground where the festival is held. A sizeable fair accompanies the event. Special celebrations are also observed during Jhulan Yatra, Dol Yatra, Janmashtami, and Radhashtami.
The east-facing Radhaballabh Temple is a brick-built dalan-style temple. The oldest known temple of this architectural type in India stands beside the Great Stupa at Sanchi in Madhya Pradesh. Other examples include the Parvati Temple at Nachna Kuthara in Bundelkhand and the Shiva Temple at Bhumara in the former Nagod State. These temples were constructed during the Gupta period.
The construction of such flat-roofed shrines without curved cornices required advanced engineering techniques. Perhaps because of the simplicity and unadorned appearance of dalan temples, some archaeologists have described them as the result of a synthesis between Aryan and non-Aryan religious traditions. Historian Amiya Kumar Bandyopadhyay suggested that as folk deities, once worshipped beneath trees or on earthen altars, gradually attained social prestige, even the Puranic deities adopted some aspects of folk religious practice. As a result, they came to be worshipped in ordinary dalan temples as well.
Be that as it may, the Radhaballabh Temple at Baranga possesses a distinctly regal appearance. The plinth still rises more than four feet above ground level. The sanctum (garbhagriha) is also built on a substantial scale. Although no porch (alinda) exists in front of the sanctum today, members of the priestly family recall that there was once a porch supported by circular Corinthian-style columns, along with a broad circumambulatory passage surrounding the temple.
Although the temple faces east, the staircase leading up to it is located on the northern side. Besides the principal eastern entrance, there is another doorway on the north.
Terracotta plaques have been used sparingly in the temple's decoration. A row of plaques runs beneath the straight cornice of the front wall, while two vertical rows of small terracotta panels adorn the corner projections on either side.
Several noteworthy architectural features deserve mention:
-
On both the eastern and northern sides, each actual doorway is flanked by two false or replica doorways.
-
Similar pairs of replica doorways are also found on the western and southern walls.
-
A common feature of temple decoration is the placement of guardian figures (dvarapalas or dvarapalikas) on either side of a doorway. In some temples, these are replaced by male and female musicians. In this temple, every doorway and every replica doorway is flanked by two sculpted figures.
-
Among these sculptures are door guardians, female musicians, and dancers.
-
A particularly distinctive aspect is the variety in the physical forms and costumes of these figures. Several photographs are provided, allowing readers to appreciate these features for themselves.


