শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির, লোয়াদা (ডেবরা থানা, জেলা মেদিনীপুর)
চিন্ময় দাশ
বড় মাপের মন্দির গড়া হয়েছে, কিন্তু কোন না কোনও দুর্বিপাকে, বিগ্রহ প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি—এমন কয়েকটি অভিশপ্ত মন্দির মেদিনীপুর জেলাতেও আছে। এমনই দুর্দৈবের শিকার হয়েছিল ধনবান একটি মোদক পরিবার। মন্দির প্রতিষ্ঠার প্রাক্কালে, ব্জ্রপাত হয় মন্দিরে। দেবতার বিগ্রহ স্থাপন করা হয়নি। চিরকালের জন্য পরিত্যক্ত হয়ে যায় দেবালয়টি।
বিশাল আকারের মন্দির। চার দিক জুড়ে টেরাকোটা আর পঙ্খের কারুকাজে অলঙ্কৃত। কিন্তু কালের আঘাতে একটু একটু করে ধ্বংস হয়ে যাচ্ছে প্রাচীন সৌধটি। আজকের জার্ণালে সেই অভিশপ্ত মন্দিরের ইতিকথা।
লোয়াদা-- কাশীজোড়া পরগণার প্রাচীন এক জনপদ। কংসাবতী বয়ে চলেছে গ্রামের মাটি ছুঁয়ে। উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল জলপথের। সেই সুবাদে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধ কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল লোয়াদা।
লোয়াদায় বিশেষভাবে ধনবান হয়েছিলেন মোদক সম্প্রদায়। বিশেষত চিনি, মিছরি, মিষ্টান্নের উৎপাদনে খ্যাতি ছিল তাঁদের। এঁদের তৈরি মিছরি, ওলা, খণ্ড এবং ‘ঢলকন’ নামের একপ্রকার সুগন্ধী মিষ্টিরস-এর সুনাম ছিল খুব। লোয়াদার দে, কুণ্ডু, পোদ্দার পদবীর মোদকগ্ণ ধনী হয়ে উঠেছিলেন এক সময়।
লোয়াদা গঞ্জের তেমনই একজন ধনী মোদক ছিলেন সৃষ্টিধর চৌধুরী। বড় আকারের একটি রাধাকৃষ্ণের মন্দির গড়েছিলেন তিনি। কিন্তু কপাল মন্দ ছিল মোদক মশাইর। বিগ্রহ প্রতিষ্ঠার দিনেই, বাজ পড়েছিল মন্দিরটিতে। এমন অশুভ কদাচিৎ দেখা যায়। শাস্ত্রীয় বিধানে, দেববিগ্রহের আসন হয়নি মন্দিরে।
অন্তর্বেদনায় জ্বলেপুড়ে যাচ্ছিলেন সৃষ্টিধর। বুকে আঁকড়ে নিজের অট্টালিকায় স্থাপন করেছিলেন দেবতাকে। সেখানেই শুরু হয়েছিল সেবাপূজা। দেড়শ’ বছরেরও বেশি সময় ধরে, সেবাইতদের পরিবারেই পূজিত হয়ে চলেছে বিগ্রহগুলি।
মন্দিরের প্রতিষ্ঠালিপিতে আছে ইং ১৮৬০ সালে গড়া হয়েছিল এটি। ইটের তৈরি পূর্বমুখী বর্গাকার মন্দিরটি শিখর-দেউল রীতির। সামনে তিন দেওয়ালে চালা-ছাউনি দেওয়া, পঞ্চ-দ্বারী জগমোহন। ছাউনিতে কলিঙ্গশৈলীতে পীঢ়-ভাগ করা। সিলিং গড়া হয়েছে চারটি অর্ধ-খিলান রচনা করে।
মূল মন্দিরটি বাঢ় ও গণ্ডী জুড়ে, ‘সপ্ত-রথ বিভাজন’ করা শিখর-দেউল রীতির। শীর্ষক বা চুড়ায় বেঁকি, আমলক, ঘন্টা, কলস ও বিষ্ণুচক্র রঞ্জিত। গর্ভগৃহটি এক-দ্বারী। তবে, দু’দিকে জাফরি আঁকা দুটি ‘প্রতিকৃতি-দ্বার’ রচিত আছে। গর্ভগৃহের সিলিং হয়েছে চার দেওয়ালের চারটি কোণে উদ্গত লহরানির্ভর গম্বুজ রচনা করে।
জ্যামিতিক ও ফুলকারি নকশায় পঙ্খের উন্নত অলঙ্করণ আছে দেওয়ালে। আর আছে টেরাকোটা ফলকের সমাহার। অজস্র ফলক। সিংহভাগই সামনের জগমোহনের তিন দিকের দেওয়ালে।
ফলকের মোটিফ মুখ্যত দশাবতার, রামায়ণ কাহিনী, চণ্ডীমঙ্গল, গজারোহী অশ্বারোহী পদাতিক সেনাবাহিনী। ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর, ময়ূরবাহন কার্তিকেয়, বলরাম-শ্রীকৃষ্ণ, জগন্নাথদেব, কালী, শীতলা। বেহালা ও বীণাবাদিকা, শিঙ্গাবাদক ইত্যাদি বহু মূর্তি। ফলকগুলি একক ও যৌথ—উভয় আঙ্গিকেরই।
কিন্তু জন্মলগ্ন থেকে পরিত্যক্ত মন্দির। গাছপালার ছায়া, অব্যবহার-অনাদর-অবহেলায় জীর্ণতার ছাপ পড়ছে মন্দিরের সারা অঙ্গ জুড়ে। টেরাকোটার মূল্যবান কারুকর্ম সহ, সম্পূর্ণ ধ্বংসের দিন গোণা শুরু হয়ে গিয়েছে মন্দিরটির।
‘দেবীপুরাণ’-এ বলা হয়েছে, নতুন দেবালয় স্থাপনে যে পূণ্য হয়, তার শত গুণ পূণ্য লাভ হয় জীর্ণ মন্দির সংস্কার করলে। লোয়াদায় আজও বহু ধনবান ব্যক্তি আছেন। তাঁরা উদ্যোগী হলে, রাধাগোবিন্দ নামের এই মন্দিরসৌধটিকে এখনও ধ্বংস হয়ে যাওয়ার হাত থেকে বাঁচানো যায়।
সকলে এটি বিবেচনা করে দেখুন। এটি তাঁদের কাছে সময়ের দাবী। তাছাড়া, মন্দিরের টানে পর্যটকের আনাগোণা হলে, এলাকার অর্থনীতিও পুষ্ট হয়!
সাক্ষাৎকার ঃ সর্বশ্রী শ্যামল দে, তাপস তরোয়াল, প্রভাস মিলন দে, চন্দন সিংহ, তপন মানা এবং উমাশঙ্কর দে পোদ্দার (সেবাইত)—লোয়াদা।
সমীক্ষাসঙ্গী ঃ শ্রী শুদ্ধসত্ত্ব মান্না, শিক্ষক—মেদিনীপুর শহর।
Sri Sri Radha Govinda Temple, Loyada (Debra Thana, District Medinipur)
Chinmoy Das
A large temple has been built, but due to some misfortune, the idol could not be installed - there are some such cursed temples in Medinipur district. A wealthy Modak family was the victim of such misfortune. On the eve of the establishment of the temple, lightning struck the temple. The idol of the deity was not installed. The temple was abandoned forever.
A huge temple. Decorated with terracotta and pankha carvings on all four sides. But the ancient monument is being destroyed little by little due to the ravages of time. Today's journal is about the history of that cursed temple.
Loyada-- An ancient town in Kashijora Pargana. Kangsavati flows through the village. The developed communication system was through waterways. Due to that, Loyada developed as a prosperous center of trade and commerce
The Modak community was particularly wealthy in Loada. They were especially famous for the production of sugar, sweets, and confectionary. The sweets, ola, khand, and a type of fragrant sweet syrup called 'Dhalkan' made by them were very famous. The Modaks of Loada, Dey, Kundu, and Poddar in surname once became wealthy.
One such rich Modak of Loyada Ganj was Shrishtidhar Chowdhury. He built a large temple of Radha Krishna. But the Modak master had a bad forehead. On the day of the installation of the idol, lightning struck the temple. Such an evil event is rarely seen. According to the scriptures, the seat of the deity was not in the temple.
Shrishtidhar was burning with inner anguish. He placed the deity in his building, holding it to his chest. That is where the service worship began. For more than 150 years, the idols have been worshipped in the family of the devotees.
The foundation inscription of the temple states that it was built in 1860. The east-facing square temple made of brick is in the Shikhar-Deul style. The front has a canopy on three walls, a five-door Jagmohan. The canopy is divided into sections in the Kalinga style. The ceiling is made up of four half-arches.
The main temple is of the 'seven-chariot division' style, with a 'seven-chariot division' across the pediment. The top or spire is decorated with benki, amloka, bell, kalas and Vishnu chakra. The sanctum sanctorum has one door. However, there are two 'portrait doors' painted with latticework on both sides. The ceiling of the sanctum sanctorum is made by creating a wave-based dome emerging from the four corners of the four walls.
There is advanced decoration of wings in geometric and floral designs on the walls. And there is a collection of terracotta plaques. Innumerable plaques. The majority of them are on the three walls of the front Jagmohan.
The motifs of the plaques are mainly Dashavatars, Ramayana stories, Chandimangal, Gajarohi cavalry infantry army. Brahma-Vishnu-Maheshwar, Mayuravahan Kartikeya, Balaram-Shri Krishna, Jagannathdev, Kali, Sheetala. Many idols of violin and veena players, trumpet players etc. The plaques are of both single and collective forms.
But the temple has been abandoned since its birth. The shadow of trees, disuse-disrespect-neglect leave an impression of dilapidation all over the temple. The temple, including the valuable terracotta artworks, has begun to count down the days of complete destruction.
It is said in 'Devi Purana' that the merit of establishing a new temple is multiplied by the merit of renovating a dilapidated temple. There are still many wealthy people in Loyada. If they are proactive, this temple complex named Radha Govinda can still be saved from destruction.
Everyone should consider this. This is the demand of the hour for them. Moreover, if tourists flock to the temple, the economy of the area also gets enriched .
Interview: Sarbashree Shyamal De, Tapas Tarwal, Prabhas Milan De, Chandan Singh, Tapan Mana and Umashankar De Poddar (Sebait)—Loada.
Research partner: Shri Shuddhasattva Manna, Teacher—Midnipur city.


